ভাইয়ের মরদেহ আনতে গিয়ে নিজেই লাশ হলেন কুলাউড়ার নিয়াজ

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

চাচাতো ভাইয়ের মরদেহ আনতে গিয়ে সিলেটে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার বাসিন্দা নাজমুল ইসলাম নিয়াজ (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৫ ফেব্রুয়ারি রোববার সকাল সাতটায় সিলেট দক্ষিণ সুরমা ময়লার ভাগাড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহত নাজমুল ইসলাম কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের আবু তালিবপুর এলাকার বাসিন্দা মৃত শামছুল ইসলামের ছেলে ও দৈনিক যুগান্তরের কুলাউড়া প্রতিনিধি আজিজুল ইসলামের মেঝ ভাই। সাংবাদিক আজিজুল ইসলাম জানান, তাঁর চাচাতো ভাই আব্দুল আহাদ সিলেট এয়ারপোর্ট এলাকায় বসবাস করতেন। তিনি  ওই এলাকার একটি মসজিদের সাবেক ইমাম ছিলেন। বার্ধক্যজনিত কারণে শনিবার আব্দুল আহাদ মারা গেলে তার লাশ আনতে সিলেটে রওয়ানা দেন নাজমুল ইসলাম। পথিমধ্যে সিলেটের দক্ষিণ সুরমার ময়লার ভাগাড় এলাকায় পৌঁছালে নাজমুল ইসলামকে বহনকারী গাড়িটি একটি দ্রুতগতির যানবাহনের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে ঘটনাস্থলেই নাজমুল ইসলামের মৃত্যু হয়। এসময় চালকসহ প্রাইভেট কারে থাকা অন্য দুজন যাত্রীও মারাত্মক আহত হয়েছেন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। তারাও অনেকটা আশংকাজনক অবস্থায় আছেন। আকস্মিক এই মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাজমুল ইসলাম স্থানীয় আল হেরা একাডেমির শিক্ষক ছিলেন।

নিহত নাজমুল ইসলাম এর জানাযার নামাজ রোববার রাত ৯টায় আবুতালিবপুর জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্টিত হয়।

শোক প্রকাশ: নাজমুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছেন  কুলাউড়াথেকে নবনির্বাচিত এমপি আলহাজ্ব মো: শওকতুল ইসলাম শকু, সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান  এম এম শাহীন, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান ও মাওলানা ফজলুল হক খান সাহেদ, টিবিএফ সভাপতি মইনুল ইসলাম শামিম, উপজেলা বিএনপির আহবায়ক মো: রেদওয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক মো: আব্দুল মুন্তাজিম, নায়েবে আমির মো: জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বেলাল আহমদ চৌধুরী, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাবেক সভাপতি মোক্তাদির হেসেন, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, স্বদেশমেইল সম্পাদক ও প্রকাশক নজরুল ইসলাম খান, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *