সকালে বিয়ে, রাতে বরের আকস্মিক মৃত্যু হরিষে বিষাদ!

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

সকালে ছিলো বিয়ে, রাতে বরের আকস্মিক মৃত্যুতে কবরের নিস্তব্ধতা নেমে আসে পুরো গ্রামে। এমন হৃদয় বিদারক ঘটনাটি ঘটে কুলাউড়া উপজেলার রাউৎগাও ইউনিয়নের নর্তন গ্রামে।

নর্তন গ্রামের মৃত ‍মিকির আলীর ৩য় ছেলে কাতার প্রবাসী মোঃ উস্তার মিয়া দীর্ঘদিন প্রবাস জীবন কাটিয়ে বিয়ে করার জন্য মাস খানেক আগে দেশে আসেন। পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়। কনের বাড়ী একই ইউনিয়নের পালগ্রামে। সব কিছু ঠিকটাকই চলছিলো। ১৬ ফেব্রুয়ারী সোমবার ছিলো বরযাত্রা নিয়ে কনে আনার তারিখ।

ভাগ্যের নির্মম পরিহাসে সবকিছু ওলটপালট হয়ে যায় মুহূর্তেই। রোববার দিবাগত রাত আড়াইটায় হঠাৎ স্ট্রোক করে গুরুতর অসুস্থ হয়ে পড়েন বর উস্তার মিয়া। দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিয়ের সাজে নতুন জীবনের পথে পা বাড়ানোর আগেই তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

যে মানুষটির আজ পালকিতে চড়ে সুখের ঘরে যাওয়ার কথা ছিল, তিনি ঠিকই পালকিতে চড়লেন—তবে সেটি ছিল মসজিদের পালকি, চিরবিদায়ের পথে। আনন্দের আয়োজন মুহূর্তে রূপ নেয় শোকে। হাসির শব্দ থেমে যায়, চারদিকে নেমে আসে কবরের নিস্তব্ধতা।

সোমবার সকাল ১১টায় পারিবারিক গোরস্থানে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, কনের বাড়ীর লোকজন ও স্থানীয় এলাকাবাসী অংশ নেন। সবার চোখে ছিল অশ্রু আর অবিশ্বাসের ছাপ।

এই হৃদয়বিদারক ঘটনা আবারও মনে করিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত। এক মুহূর্ত আগেও যেখানে ছিল স্বপ্ন আর আয়োজন, পরের মুহূর্তেই সেখানে নেমে আসে চিরবিদায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *