জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: দেশের বৃহত্তম হাওর হাকালুকিতে বৈরি আবহাওয়ায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ২ জেলে নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ১ জেলে।
বৃহস্পতিবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলার বাঘমারা এলাকার গয়াসি হাওর অংশে এই ঘটনাটি ঘটে। নিহতরা হলেন উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কামালপুর গ্রামের রফিক মিয়ার পুত্র সাবির মিয়া (৪০) ও জহির উদ্দিনের পুত্র হামিদ মিয়া (৪৫)। কাবিল মিয়া (৫০) নামের আরেক জেলেকে নৌকা থেকে এখনো খুজে পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে তিনিও বজ্রপাতের শিকার হয়ে জলের তলে ডুবে গেছেন। নিহত হামিদ ও নিখোঁজ কাবিল তারা আপন দুই ভাই।
নিহত সাবির’র চাচাতো ভাই দেলোয়ার হোসেন বলেন, গ্রাম থেকে তারা নৌকা নিয়ে কুশিয়ারা নদী হয়ে প্রতিদিনের মত হকালুকি হাওরে বড়শি দিয়ে মাছ ধরতে যায়। মাছ ধরে বিক্রি করা শেষে বাড়ি আসার পথে হাকালুকিতে বজ্রপাতের শিকার হন তারা। নিখোজ কাবিলকে খুঁজে আনতে হাওরের তলায় ডুবুরিয়া উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।
রাজনগর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মাছ ধরতে গিয়ে হাকালুকিতে বজ্রপাতে ২ ব্যক্তি মারা গেছেন। একজন এখনো নিখোঁজ রয়েছেন।

