জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়ার ঐতিহ্যবাহী নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীর মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম জাগিয়ে তোলার বার্তা দেওয়া হয়।
৫ জুলাই রোববার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পেয়ারা, কাঁঠাল, হরতকি, বয়রা, ডালিম, অর্জুন, জারুল, বাক্স বাদাম, কালোজাম, চিকরাশি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। চারা পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করে এবং সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যার অঙ্গীকার করে বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানায়। বৃক্ষরোপন ও চারা বিতরণ প্রোগ্রামে উপস্থিত ছিলেন নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সিনিয়র শিক্ষক মো. সেলিম আহমদ, জাফর সাদেক ও সোহেল আহমদ, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল এবং সহ-সাংগঠনিক সম্পাদক ও শুভসংঘের সদস্য মহি উদ্দিন রিপন, কালের কণ্ঠ প্রতিনিধি মাহফুজ শাকিল, শুভসংঘের সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন শুভসংঘের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহীম আলী, ময়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদিয়া জাহান, অর্থ সম্পাদক মিফতা আহমদ রাফি, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা নাহার শোভা, আপ্যায়নবিষয়ক সম্পাদক কেফায়েত হোসেন সোলেমানসহ শুভসংঘের অন্যান্য সদস্যরা। নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের এ ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান সময়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। দেশব্যাপী বসুন্ধরা শুভসংঘ যে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তুলেছে, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়। আমাদের বিদ্যালয়কে এই কর্মসূচির জন্য
নির্বাচিত করায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
শিক্ষার্থীসহ সমাজের সকল মানুষকে নিজ নিজ বাড়ি ও আশপাশে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানাচ্ছি।’উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল বলেন, ‘সামাজিক, মানবিক ও সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে বসুন্ধরা শুভসংঘ মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। পরিবেশ রক্ষায় গাছের চারা বিতরণের মতো সময়োপযোগী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।’ বসুন্ধরা শুভসংঘ কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক বশির আল ফেরদাউস বলেন, ‘বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা শুভসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং আগামী প্রজন্মের মধ্যে গাছের প্রতি ভালোবাসা সৃষ্টি করা। এর আগেও কুলাউড়ায় একাধিক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে সৃজনশীল ও মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।’

