জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভা ছাড়াও পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিপন চন্দ্র দাশের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো: জয়নাল আবেদীন বাচ্চু ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল। এ সময় আরও উপস্থিত ছিলেন কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ বর্মা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাজেদা আক্তার, মেডিকেল অফিসার ডা. আব্দুর রহমান প্রমুখ।
সভা শেষে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্যসেবা কার্যক্রমে বিশেষ অবদান রাখায় উপজেলার বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত প্রতিষ্ঠান ও শ্রেষ্ঠ কর্মীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা।

