কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের দেয়াল পত্রিকা প্রকাশ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘বর্ষপত্র’ ও ‘প্রকৃতির ছোঁয়া’ শিরোনামে দুটি দেয়াল পত্রিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিদ্যালয়ে দেয়াল পত্রিকা দুটির মোড়ক উন্মোচন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী। সপ্তম শ্রেণির শিক্ষার্থীরা ‘প্রকৃতির ছোঁয়া’ এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা ‘বর্ষপত্র’ শিরোনামে দেয়াল পত্রিকা দুটি প্রকাশ করে।
এ সময় বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. এরশাদ হোসাইন, আফিয়া বেগম, ফণীভূষণ চন্দ, সঞ্জয় দেবনাথ, নূর ইসলাম, শফিকুল ইসলাম জুয়েল, সুশান্ত কুমার বর্মন, নীলিমা রানী বৈদ্য, জয়রাজ উল্যা, আবুল কাশেম তুহিন, শিমুল মিয়া, মীরা শর্মাসহ শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সপ্তম শ্রেণির শিক্ষার্থী মাহিশা হক ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মায়মুনা আক্তার স্নেহা দেয়াল পত্রিকা দুটির সম্পাদকীয় পাঠ করেন।
প্রধান শিক্ষক মো. মন্তাজ আলী বলেন, ‘বর্ষা আমাদের প্রিয় ঋতু। এই বর্ষায় কোমলমতি শিক্ষার্থীরা দেয়াল পত্রিকা প্রকাশ করেছে। এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড শিক্ষার্থীদের মনোজগতে সৃজনশীলতার বিকাশ ঘটায়। পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও মনন বিকশিত হয়। তাই শিক্ষার্থীদের জন্য এ ধরনের কার্যক্রমের কোনো বিকল্প নেই।’
শিক্ষার্থীদের রচনায় সমৃদ্ধ দেয়াল পত্রিকা দুটিতে ছড়া, কবিতা, কৌতুক, রম্যরচনা ও অণুগল্পসহ বিভিন্ন সৃজনশীল লেখা স্থান পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *