মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া রেলওয়ে জংশন থেকে আন্ত:নগর উপবন ট্রেনে রাজধানী ঢাকায় কর্মস্থলে ফিরছিলেন উপজেলার বরমচাল ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন (৪৯)। হঠাৎ ট্রেনে অসুস্থ হয়ে মৃত্যুর কূলে ঢলে পড়েন তিনি। ২১ আগস্ট শুক্রবার ভোরে কমলাপুর রেলওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করে। নিহত জসিম উদ্দিন বরমচাল ইউনিয়নের মহলাল জিন্নানগর গ্রামের মৃত মুসলিম উল্লার ছেলে।
নিহতের পারিবারিক সুত্রে জানা যায়, জসিম উদ্দিন রাজধানী ঢাকায় একটি লেদার কোম্পানীতে চাকরি করেন। বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে সিলেট যান। ওই দিন রাতের আন্ত:নগর উপবন এক্সপ্রেস ট্রেনে কর্মস্থলে ফিরছিলেন মো. জসিম উদ্দিন। শুক্রবার ভোর ৫টার দিকে ট্রেনের একটি বগিতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। একপর্যায়ে তার মৃত্যু হয়। সহযাত্রীদের দেওয়া তথ্য অনুযায়ী, তার সঙ্গে থাকা ব্যাগে বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া গেছে। অসুস্থ অবস্থায় তিনি পানি চাইলে উপস্থিত একজন যাত্রী তাকে পানি পান করান এবং অন্যরাও তাকে সহযোগিতা করেন। ঘটনার পর বিষয়টি কমলাপুর রেলওয়ে থানা পুলিশকে জানালে তারা ট্রেন কমলাপুর স্টেশনে পৌছার পর ট্রেন থেকে মরদেহটি নিয়ে যায়। পরবর্তীতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। নিহতের চাচাতো ভাই জয়নাল আবেদীন জানান, শুক্রবার রাত বাদ এশা স্থানীয় ঈদগাহ মাঠে জানাযা শেষে স্থানীয় গোরস্থানে নিহত জসিম উদ্দিনের দাফন সম্পন্ন হয়।

