মৌলভীবাজারে বজ্রপাতে ২ জনসহ ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:  মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুই জনের মৃত্যু হয়েছে। তাদের একজন ধান কাটতে গিয়ে ও একজন রাবার বাগানে কাজের সময় দুর্ঘটনার শিকার হন। এছাড়াও জেলা শহরের মোস্তফা পুর এলাকায় ছাদ থেকে পড়ে এক কাজের মেয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১২টার দিকে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামে বোরো ধান কাটতে গিয়ে বজ্রপাতের শিকার হন তালেব মিয়া (৪০)। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করেন। বজ্রপাতের আঘাতে তার বুক ঝলসে যায়। তিনি উপজেলার কামারচাক ইউনিয়নের ভোলানগর গ্রামের আইয়ুব মিয়ার ছেলে। কামারচাক ইউনিয়ন পরিষদের সদস্য মিজানুর রহমান খান বলেন, ধান কাটার সময় বজ্রপাতে তালেব ঘটনাস্থলেই মারা যান।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: ফরিদ উদ্দিন আহমদ ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে দুপুরে জেলার কমলগঞ্জ উপজেলার হামিদিয়া চা বাগানের রাবার বাগানের সেকশনে কাজ করতে গিয়ে স্বপন মুন্ডা (৪৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। তিনি ওই উপজেলার রহিমপুর ইউনিয়নের দেওরাছড়া চা বাগানের বেমারি টিলার বাসিন্দা। রহিমপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিতাংশু কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে মৌলভীবাজার পৌরসভার মোস্তফাপুর এলাকায় বাসার ছাঁদ থেকে পড়ে কাজের মেয়ে হালিমা আক্তার (১৫) এর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর ১টার দিকে ওই এলাকার অবসর প্রাপ্ত এক ব্যাংক কর্মকর্তার  বাসায় এ ঘটনাটি ঘটে। হালিমা ওই বাসায় কাজ করতো। মৌলভীবাজার সদর মডেল থানার এসআই আব্দুল মান্নান বলেন, দুপুরে ছাঁদে উঠে ময়লা নিক্ষেপ করতে গিয়ে নিচে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, মৌলভীবাজারে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে। নিহত হালিমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের আক্কাস আলীর মেয়ে। আক্কাস আলী সিলেটে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *