জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত স্বামী নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূ রিতা রুদ্র পাল (৩৩) গোবিন্দপুর গ্রামের বাসিন্দা। অভিযুক্ত স্বামী পিন্টু রুদ্র পালকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। বৃহস্পতিবার সকালে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে বিরোধ চরম আকার ধারণ করে। বিকেল ৩টার দিকে পিন্টু ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
জুড়ী থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের পর পরবিারের কাছে হম্তান্তর করা হয়েছে। অভিযুক্তকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

