মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়ায় উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘রফিক’স’ এর উদ্যোগে ‘রফিক’স ইংলিশ গ্রামার কম্পিটিশন’।
১০ অক্টোবর শনিবার উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ২,০০০ শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিশাল এই প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়। এ বছর পরীক্ষার কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয় এবং কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা চলাকালীন পরীক্ষা কেন্দ্রসমূহ পরিদর্শন করেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই, সহ-সাধারণ সম্পাদক সাইফুর রহমান, কুলাউড়া কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাবুল আহমদ, রফিক’স-এর প্রতিষ্ঠাতা রফিক সুমন, রফিক’স জুড়ি শাখার ম্যানেজিং ডিরেক্টর সিরাজুল ইসলাম জসিম, জুড়ি শাখার হেড অব ম্যানেজমেন্ট আজিম শাওন, কুলাউড়ার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং রফিক’স কুলাউড়া ও জুড়ি শাখার সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীগণ। পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদন করতে ২টি কেন্দ্রে প্রায় ৯৬ জন কক্ষ পরিদর্শক এবং শতাধিক স্বেচ্ছাসেবী (ভলেন্টিয়ার) দায়িত্ব পালন করেন। তাঁদের পেশাদারিত্ব এবং কুলাউড়া ও জুড়ি স্কাউট দলের চমৎকার সমন্বয়ে পুরো অনুষ্ঠানটি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সার্থকভাবে সমাপ্ত হয়। আজকের এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকরা এমন ব্যতিক্রমী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষ ও প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে প্রতি বছরই রফিক’স এই ধরণের প্রতিযোগিতার আয়োজন করতে বদ্ধপরিকর। এ লক্ষ্য অর্জনে তাঁরা সর্বস্তরের মানুষের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
উল্লেখ্য, এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে দিন-রাত পরিশ্রম করেছেন রফিক’স কুলাউড়ার হেড অব অপারেশন জাহিদুল ইসলাম ও মুজিবুর রহমান মাহবুবসহ রফিক’স কুলাউড়া টিমের সকল সদস্য।

