মৌলভীবাজার প্রতিনিধি: কুলাউড়া উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১৩ অক্টোবর মঙ্গলবার আলোচনা সভা ও মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের পরিচালনায় দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সচেতনতা বৃদ্ধির মাধ্যমে প্রাকৃতিক বিভিন্ন দুর্যোগকে প্রশমন করা সম্ভব হবে বলে মতামত ব্যক্ত করেন। অনুষ্টানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: জসিম উদ্দিন, প্রাণী সম্পদ কর্মকর্তা নিবাস পাল, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুলাউড়া স্টেশন ইনচার্জ সিদ্দিকুর রহমান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান। মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: মছব্বির আলী, সাংবাদিক ময়নুল হক পবন প্রমুখ।
সভার পূর্বে উপজেলা পরিষদের সম্মুখে ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপক এক মহড়া অনুষ্টিত হয়। মহড়া ও অনুষ্টানে রেলওয়ে জুনিয়র বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, ফায়ার সার্ভিসের মহড়া অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয়।এই ধরনের মহড়াগুলো অগ্নিনিরাপত্তা সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ায়। বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, বজ্রপাত, অগ্নিকাণ্ড ও ভূমিকম্পসহ নানা ধরনের প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ঝুঁকিতে রয়েছে। এসব দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি, পরিবার ও স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার করা জরুরি। প্রতিটি পরিবারকে জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে আগে থেকেই ধারণা রাখতে হবে। বাড়িঘর ও কর্মস্থল নিরাপদ রাখা, জরুরি যোগাযোগ নম্বর সংরক্ষণ, প্রয়োজনীয় ওষুধ ও শুকনো খাবার প্রস্তুত রাখা, নিরাপদ আশ্রয়স্থল সম্পর্কে জানা এবং সরকারি সতর্কবার্তা মেনে চলার মাধ্যমে দুর্যোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় জনসম্পৃক্ততা বাড়ানো, স্থানীয় স্বেচ্ছাসেবক দলকে আরও সক্রিয় করা এবং নিয়মিত মহড়ার মাধ্যমে জনগণকে প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করা হয়। শেষে ঘর ও পরিবার থেকেই দুর্যোগ প্রস্তুতি শুরু করে একটি নিরাপদ, সচেতন ও দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

