জেলা প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের কুলাউড়ায় প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে বন্যার পানি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। এতে অনেক মানুষ পানিবন্দি হয়েছেন। এদের মধ্যে অনেকে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। সেই আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেয়া ক্ষতিগ্রস্ত অসহায় প্রায় ৫০০ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে কুলাউড়া থানা পুলিশ। ২০ জুন সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নৌকা ভাড়া করে উপজেলার বরমচাল ও ভূকশিমইল ইউনিয়নের
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেওয়া পাঁচ শতাধিক অসহায় বন্যার্ত মানুষদের মাঝে রান্না করা খাবারের প্যাকেট বিতরণ করে পুলিশ। থানা পুলিশের উদ্যোগে খাবার বিতরণীতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওসার দস্তগীর, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক, কুলাউড়া থানার এসআই এনামুল হক, পরিমল চন্দ্র দাস, আব্দুর রহিম জিবান, আলিম উদ্দিনসহ থানা পুলিশের সদস্যরা। কুলাউড়া থানার ওসি মো: আব্দুছ ছালেক বলেন, থানার আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের যেকোন দুর্ভোগে পুলিশ সবসময় পাশে দাঁড়িয়েছে। চলমান বন্যা পরিস্থিতিতেও পুলিশ বন্যার্তদের পাশে সহমর্মিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছে। এ কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।


