হারিস মোহাম্মদ: মৌলভীবাজারের জুড়ীতে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব (কোয়াব), জুড়ী উপজেলা শাখার আয়োজনে শুভ উদ্বোধন হয়েছে বীর মুক্তিযোদ্ধা বদরুল হোসেন স্মৃতি প্রাইজমানি ক্রিকেট লীগ ২০২৩।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জুড়ী সরকারি কলেজ মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়াব জুড়ী উপজেলার শাখার সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। সাধারণ সম্পাদক জাকির হোসেন তানিমের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান মেছবাহুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, জুড়ী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রাধা পদ দে সজল, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য বদরুল ইসলাম, আজিম উদ্দিন, জুড়ী উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশিদ সাজু, সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুয়েল উদ্দিন, আওয়ামীলীগ নেতা আব্দুল কাদির দারা, মাহবুবুল ইসলাম কাজল, এম এ আহাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান মেছবাহুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মরহুম বদরুল হোসেন ছিলেন আওয়ামী লীগের প্রাণ। আমরা মৌলভীবাজার থেকে জুড়ীতে আসলেই বদরুল ভাইয়ের বাসায় উঠতাম খাওয়া-দাওয়া করতাম। তার দিক নির্দেশনায় আমরা চলতাম, কারণ তিনি ছিলেন আমাদের একজন অভিভাবক। বদরুল ভাই শুধু জুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন না, তিনি ছিলেন আপাদমস্তক একজন সমাজসেবক এবং জনদরদি মানুষ।
জুড়ী কোয়াব বদরুল ভাইয়ের নামে এই সুন্দর আয়োজন করায় আমি আমার অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি এই আয়োজনের সফলতা কামনা করছি।

