কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন দ্বিখণ্ডিত

জেলা প্রতিনিধিমৌলভীবাজার:

সিলেট আখাউড়া রেলপথের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। ১৬ অক্টোবর বৃহস্পতিবার বিকেল আনুমানিক সাড়ে চারটায় দুর্ঘটনায় কবলিত হয় ট্রেনটি। এতে কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দুর্ঘটনার কারণে মাইজগাঁও স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন প্রায় দেড় ঘন্টা আটকা ছিল।

কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রুমান আহমদ গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিড়ে যায়। কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করার পর গন্তব্যের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।

ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে  যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার ট্রাফিক ইন্সপেক্টর শাহজাহান পাটোয়ারি বলেন, পাহাড়িকা ট্রেনের ব্রেক ব্লক ভেঙে যাবার কারণে বগি দুটি আলাদা হয়ে যায়। রেলওয়ের প্রকৌশল বিভাগের লোকজন  মেরামত কাজ শেষ করলে সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *