কুলাউড়ায় প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
জেলা প্রতিনিধি, মৌলভীবাজার:
কুলাউড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে শীতকালীন ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়েছে। ১৬ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মুহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন। তিনি বলেন, উপজেলায় অনেক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক রয়েছেন, যারা বীজ ও সারের অভাবে শীতকালীন সবজি চাষ করতে পারেন না। সরকার এসব কৃষকদের উৎসাহিত করতে ও উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নিয়েছে।
তিনি আরও আশা প্রকাশ করেন, সরকারের এ সহায়তা গ্রহণ করে কুলাউড়ার প্রান্তিক কৃষকরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি শীতকালীন সবজি উৎপাদনে অগ্রণী ভূমিকা রাখবেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবু মাসুদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নিবাস পাল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুবেল রানা, সিনিয়র সাংবাদিক ময়নুল ইসলাম পবন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন জানান, ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তিনি আরও জানান, বসতবাড়িতে শাকসবজি চাষে ৫২০ জন এবং মাঠে চাষযোগ্য শীতকালীন সবজি আবাদে ৩০০ জনসহ মোট ৮২০ জন প্রান্তিক কৃষককে সরকারের এ সুবিধা প্রদান করা হয়েছে।
কুলাউড়ায় ছাতাপীর রহঃ স্মৃতি পরিষদ-এর ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্পন্ন
November 23, 2026
কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন
November 21, 2026
কুলাউড়ায় অটো-সিএনজি শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচনের তফসিল ঘোষণা
November 21, 2026
সাংবাদিক রাহেল এর ছোট ভাইয়ের মৃত্যু
November 20, 2026