সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার রুবেলের মৃত্যু

জেলা প্রতিনিধিমৌলভীবাজার

মধ্যপাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রুবেল আহমদ (২০) নামে এক প্রবাসী বাংলাদেশী তরুণ নিহত হয়েছেন। গত বুধবার (৪ মার্চ) সন্ধ্যার পর সৌদি আরবের নাজরান ইয়াদামা আজিজিয়া সড়কে কর্মস্থলে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রুবেল উপজেলার সদর ইউনিয়নের নাজিরের চক এলাকার বাসিন্দা মৃত রইছ আলীর একমাত্র ছেলে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম।
নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দরিদ্র পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানোর আশায় প্রায় সাড়ে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রুবেল আহমদ। কিন্তু মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তাঁর প্রাণ। তার মৃত্যুর খবরটি দেশে পৌঁছালে কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরের চক এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছে তার স্বজনরা। পরিবারের সদস্যরা বাকরুদ্ধ। এই সংসারে হাল ধরার মতো আর কেউ নেই। এদিকে পরিবারের পক্ষ থেকে রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করা হয়েছে।
নিহত রুবেলের মামা আমিন মিয়া জানান, প্রতিদিনের মতো বুধবার রাতে কর্মস্থলের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন রুবেল। পথিমধ্যে দ্রুতগামী একটি গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান রুবেল। তিনি আরো বলেন, দুই বছর আগে রুবেলের পিতা মারা যান। পরিবারে রুবেল ছাড়াও তার দুই বোন রয়েছে। আমার ভাগনা খুব ভালো ছেলে ছিল। অনেক দেনা করে তাকে বিদেশে পাঠিয়েছিলাম। আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব তার মরদেহ দেশে আনার ব্যবস্থা করতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *