কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, চার নারীসহ আটক ৬

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ চেষ্টার অভিযোগে শিশুসহ ছয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে তাঁদের পুলিশের কাছে সোপর্দ করে বিজিবি। এ ঘটনায় বুধবার রাতে কুলাউড়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আটককৃতরা হলেন- সাতক্ষীরা জেলার বাসিন্দা হেমন্ত ঘোষ (৩১), নড়াইল জেলার বাসিন্দা সীমা বিশ্বাস (২৯) ও রুমেন খানম (৩৬), মানিকগঞ্জ জেলার শ্রাবণী আক্তার (২৪) ও চাঁদপুর জেলার সাজেদা বেগম (৩০)।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় দালালদের সহায়তায় বুধবার সকাল ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের ইছাছড়া পুঞ্জির কাছে ১৮৪১ নম্বর মূল সীমান্তখুঁটি দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেন তাঁরা। এসময় বিজিবির ৪৬ ব্যাটালিয়নের মুরইছড়া ক্যাম্পের একটি টহল দল তাঁদের আটক করে। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে দালালেরা পালিয়ে যায়। রাত আটটার দিকে আটক ব্যক্তিদের কুলাউড়া থানায় সোপর্দ করা হয়।

এ ঘটনায় বিজিবির মুরইছড়া ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার আক্তার হোসেন বাদী হয়ে শিশুকে বাদ দিয়ে বাকি পাঁচজনের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা করেন। আক্তার হোসেন বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাঁচ নারী-পুরুষ কাজের সন্ধানে ভারতে যেতে চেয়েছিলেন বলে জানান।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় পাঁচ ব্যক্তিকে বিজিবির করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *