কুলাউড়ায় অনলাইন জুয়া খেলার সময় র‍্যাবের অভিযানে আটক-৪

জেলা প্রতিনিধি, মৌলভীবাজার: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের রবিরবাজারে অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে র‍্যাব-৯ শ্রীমঙ্গল। এসময় জব্দ করা হয়েছে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি।

র‍্যাব-৯, সিপিসি-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে র‍্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের কোম্পানি কমান্ডার এএসপি মো: আরিফুর রহমানের নেতৃত্বে র‍্যাবের একটি দল রবিরবাজারস্থ দক্ষিণবাজারে অবস্থিত ব্রাদার্স টেলিকমে অভিযান চালায়।

অভিযানকালে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইট ব্যবহার করে জুয়া খেলার সময় চারজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, পৃথিমপাশা ইউনিয়নের ইউসুফ সদর গ্রামের অজিত আলীর ছেলে মকবুল হোসেন (৩৮), পৃথিমপাশা ইউনিয়নের মৃত মাসুদ মিয়ার ছেলে বাবুল মিয়া (২৮), মৃত ফারুক মিয়ার ছেলে

মো: সোয়েব আহমেদ (৩৮) ও  টিলাগাঁও ইউনিয়নের দক্ষিণ বিজলী গ্রামের আলিম উল্লাহ’র ছেলে আব্দুল বাসিত (৩৬)। প্রাথমিক তদন্তে মকবুল হোসেনকে এ চক্রের মূল হোতা হিসেবে শনাক্ত করা হয়েছে বলে জানা গেছে।  র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং আসামীদের কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।  কুলাউড়া থানার ওসি (তদন্ত) হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। আটক আসামিদের শুক্রবার দুপুরে আদালত প্রেরণ করা হয়েছে। তাছাড়া জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনায় যেকোন ধরণের জুয়ার বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *