বাংলাদেশের ২৩৩, জাদেজার ‘৩০০’
লাঞ্চ বিরতির পর ঘণ্টাখানেকও টিকতে পারল না বাংলাদেশ। গুটিয়ে গেল ২৩৩ রানে।
একপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরি করা মুমিনুল হক অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। ১৯৪ বলে ১৭ চার ও ১ ছক্কায় ১০৭ রানের ইনিংস খেলেন তিনি।
বাংলাদেশের শেষ ব্যাটার হিসেবে খালেদ আহমেদের উইকেটটি নেন রবীন্দ্র জাদেজা। নিজের বলে নিজে ক্যাচ নিয়ে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই বাঁহাতি অলরাউন্ডার।
টানা দুদিন পরিত্যক্ত হওয়ার আজ নির্দিষ্ট সময়ে শুরু হয় খেলা। প্রথম দিন খেলা হয়েছিল ৩৫ ওভার। যেখানে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করে বাংলাদেশ।
আজ দিনের শুরুতেই ১১ রান করা মুশফিকুর রহিমকে বোল্ড করেন জাসপ্রিত বুমরাহ। শুরুতে কিছুটা আক্রমণাত্মক থাকলেও মোহাম্মদ সিরাজের কাছে উইকেট হারান লিটন দাস। ৩০ বলে ৩ চারে ১৩ রান আসে তার ব্যাট থেকে। এরপর সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিনের বল হাওয়া তুলে দেন তিনি। পেছনে দৌড়ে গিয়ে অসাধারণ এক ক্যাচ নেন সিরাজ। ফলে ১৭ বলে ২ চারে ৯ রানেই থামে সাকিবের ইনিংস।
একপ্রান্ত আগলে রেখে এর মাঝে অবশ্য ফিফটি তুলে নেন মুমিনুল। এরপর মিরাজকে সঙ্গে নিয়ে ছুটতে থাকেন সেঞ্চুরির পথে। প্রথম সেশনের শেষ ওভারে অশ্বিনকে সুইপে চার মেরে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন তিনি। হেলমেট খুলে মিরাজের সঙ্গে উচ্ছ্বাসই বলে দিচ্ছিল মুহূর্তটির জন্য কতটা ব্যাকুল ছিলেন বাঁহাতি এই ব্যাটার। ক্যারিয়ারে এটি তার ১৩তম সেঞ্চুরি এবং বিদেশের মাটিতে দ্বিতীয়। সবশেষ গত বছরের জুনে আফগানিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি।
কানপুরে এনিয়ে দ্বিতীয়বার সফরকারী কোনো দলের ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন। এর আগে ২০০৪ সালে ১৬৩ রান করেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ড অ্যান্ড্রু হল।
লাঞ্চের পর স্রেফ ৫০ বলে শেষ ৪ উইকেট হারায় বাংলাদেশ। যোগ করে কেবল ২৮ রান। মিরাজকে (২০) গিলের ক্যাচে পরিণত করে ৫৪ রানের জুটি ভাঙেন বুমরাহ। পরের ওভারে এসে তাইজুল ইসলামকে বোল্ড করেন তিনি। হাসান মাহমুদ ৪ বল খেললেও মোহাম্মদ সিরাজের এলবিডব্লিউর ফাঁদে। আর শেষ উইকেটটি যেন জমা ছিল রবীন্দ্র জাদেজার জন্য। ভারতের সপ্তম বোলার হিসেবে টেস্টে ৩০০ উইকেট শিকার করলেন তিনি। স্বাগতিকদের হয়ে বুমরাহ সর্বোচ্চ তিনটি উইকেট নেন। এছাড়া দুটি করে শিকার সিরাজ, অশ্বিন ও আকাশ দ্বীপের।
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-এমপি শওকতুল ইসলাম
November 28, 2026
জাতীয় মহিলা দাবার নতুন রানি ওয়াদিফা আহমেদ
November 15, 2026আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে বাংলাদেশের তরুণ পেস বোলার
November 14, 2026
ফিক্সিংয়ের অভিযোগে বাংলাদেশ ও ভারতের ৭ জন নিষিদ্ধ
October 21, 2026