বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এ বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া চ্যাম্পিয়ন হবার গৌরব অজ©ন করেছেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট নিয়ে শিরোপা জয় করেন। আন্তর্জাতিক মাস্টার আবু সফিয়ান শাকিল ৭ পয়েন্টে নিয়ে রানার-আপ হয়েছেন।
সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেছেন ৩ জন খেলোয়াড়, টাইব্রেকিং পদ্ধতিতে এদের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ তৃতীয়, বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন চতুর্থ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস পঞ্চম স্থান লাভ করেন।
ছয় পয়েন্ট করে অর্জন করেন ৭ জন খেলোয়াড়। টাইব্রেকিংয়ে এদের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ সপ্তম, কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহ অষ্টম, সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ নবম, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম দশম এবং অনত চৌধুরী একাদশ স্থান পেয়ে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছেন। ছয় পয়েন্ট নিয়ে টাইব্রেকিংয়ে দ্বাদশ হয়ে ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ বাদ পড়েছেন।
নবম বা শেষ রাউন্ডের খেলা শনিবার অনুষ্ঠিত হয়। নবম রাউন্ডের খেলায় ফিদে মাস্টর তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে, ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ মাছুম হোসেনকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম মহিলা আন্তর্জাতিক মাস্টার ওয়াদিফা আহমেদকে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ আবু হুরায়রা সৌরভকে, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, যদুনাথ বিশ্বাস ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাজিদুল হককে, ক্যান্ডিডেট মাস্টার অভিক সরকার ফয়সাল হোসেনকে, ফিরোজ আহমেদ মোঃ শরীফুজ্জামানকে, মোঃ ইফতেখার আলম মোঃ সুলতানকে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ মোঃ সুলতান বায়েজিদ আমিনকে, তানভীর আলম সাদীপ কান্তি দে-কে এবং এস এম কোতায়বা বিল্পব মোঃ ফয়েজুল ইসলামকে পরাজিত করেন।
ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ মোহাম্মদ শাকের উল্লাহর সাথে, আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন অনত চৌধুরীর সাথে, ক্যান্ডিডেট মাস্টার মাহতাব উদ্দিন আহমেদ অমিত বিক্রম রায়ের সাথে, রায়ান রশিদ মুগ্ধ এম এম জহিরুল ইসলামের সাথে ক্যান্ডিডেট মাস্টার টুটুল ধর মোঃ নাসির উদ্দিনের সাথে, ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক তাশরিক সায়হান শানের সাথে, গোলাম মোস্তফা ভূঁইয়া আসাদুজ্জামান আহাদের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী শেখ রাশেদুল হাসানের সাথে ড্র করেন।
গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, গতবারের চ্যাম্পিয়ন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়, গতবারের রানার-আপ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান এবং এ ইভেন্টের শীর্ষস্থান প্রাপ্ত ১১ জন খেলোয়াড় চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবেন। চূড়ান্ত পর্বের খেলোয়াড়দের নাম্বার ড্র আগামী ১৭ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দাবা ফেঢারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হবে এবং আগামী ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩-৩০ (সাড়ে তিন) টা হতে খেলা শুরু হবে।

