৪৯তম জাতীয় দাবায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ শীর্ষে

বিশেষ প্রতিনিধি: বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ৪৯ তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর চূড়ান্ত পর্বের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

পাঁচ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান দ্বিতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও বাংলাদেশ সেনাবাহিনীর ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন। সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় চতুর্থ স্থানে রয়েছেন। তিন পয়েন্ট নিয়ে মিলিতভাবে পঞ্চম স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস ও বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া।

ষষ্ঠ রাউন্ডের খেলা আজ সোমবার শেওড়াপাড়াস্থ ইয়ুথ টাওয়ারের লেবেল-৪ এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। আজকের ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ অনত চৌধুরীকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ সাদা ঘুঁটি নিয়ে কুইনস্ পন ওপেনিংয়ের টোরে এ্যাটাক পদ্ধতির খেলায় ৫০ চালের মাথায় অনত চৌধুরীকে পরাজিত করেন।

ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন। ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করেন এবং ক্লোজড বিশ্লেষণ ধারার এ খেলায় ১০৬ চালের মাথায় আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে ড্র করেন।

আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা ঘুঁটি নিয়ে বোগো-ইন্ডিয়ান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৪৬ চালের মাথায় ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেনের বিরুদ্ধে জয়ী হন।

ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম নিজ দলের ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন। খন্দকার আমিনুল ইসলাম কালো ঘুঁটি নিয়ে গিয়াকো-পিয়ানো গেম পদ্ধতির খেলায় ৫৮ চালে ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে পরাজিত করেন।

ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকের পরাজিত করেন। ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৩ চালের মাথায় জয়ী হন।

বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সাধারণ বীমা কর্পোরেশনের ক্যান্ডিডেট মাস্টার আবু হানিফকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিন সাদা ঘুঁটি নিয়ে ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফফের ফ্রেঞ্চ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫০ চালের মাথায় জয়ী হন।

বাংলাদেশ আনসারের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কক্সবাজার জেলার মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন। ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া কালো ঘুঁটি নিয়ে মর্ডান ডিফেন্স অবলম্বন করে ৫৭ চালে মোহাম্মদ শাকের উল্লাহকে পরাজিত করেন।

সপ্তম রাউন্ডের খেলা আগামীকাল (বুধবার) বেলা ৩-৩০ (সাড়ে তিন) টা হতে একই স্থানে শুরু হবে। সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদের সাথে, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ফিদে মাস্টার সুব্রত বিশ্বাসের সাথে, ক্যান্ডিডেট মাস্টার মোঃ আবু হানিফ মোহাম্মদ শাকের উল্লাহর সাথে, ফিদে মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার মোঃ মিনহাজ উদ্দিনের সাথে, ফিদে মাস্টার মোঃ শরীফ হোসেন আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে, অনত চৌধুরী আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে এবং ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদের সাথে খেলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *